বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সামনে একটি যৌথ প্রতিনিধিদলের প্রতিবাদ সমাবেশের ডাক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৩ পিএম
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সামনে একটি যৌথ প্রতিনিধিদলের প্রতিবাদ সমাবেশের ডাক

বুধবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় ট্রেড ইউনিয়নে ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের একটি যৌথ প্রতিনিধিদল গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলের ৮২৮ নং ওয়ার্ডের ৩৬ নং বেডে চিকিৎসাধীন উত্তরায় নির্যাতিত শিশু গৃহকর্মী মোহনার চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালের পরিচালক ও কর্তব্যরত ডাক্তারদের সাথে শিশুটির চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক - এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ এর যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুল, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, শ্রমিক অধিকার এডভোকেসি এলায়েন্স-এর সচিবালয় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস- এর উপ-পরিচালক (এডভোকেসি) এড. নজরুল ইসলাম, কর্মজীবী নারী- এর ফিল্ড ম্যানেজার মমিনুর রহমান, ডমেস্টিক ওয়ার্কার্স ন্যাশনাল ফোরাম-এর সভাপতি জাকিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক মর্জিনা সুলতানা প্রমুখ। অমানবিক ও নৃশংস নির্যাতনের শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন ডাক্তারগণ। তবে তীব্র অপুষ্টি ও শারীরিক যন্ত্রণাসহ মানসিকভাবে অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে শিশুটি। প্রতিনিধি দলের সদস্যগণ আহত শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন। শিশু গৃহকর্মী মোহনা নির্যাতনসহ শ্রমিকদের উপর অব্যাহত নির্যাতন ও সহিংসতা বন্ধ, সরকারি খরচে শিশু গৃহকর্মী মোহনার উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত বিচারের মাধ্যমে নির্যাতনকারী ও নির্যাতনে সহায়তাকারী প্রত্যেককে কঠোর শাস্তি প্রদানের দাবিতে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।  উল্লেখ্য, শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পিতা উত্তরা পশ্চিম থানায় শিশু নির্যাতনের অভিযোগে ১ ফেব্রুয়ারি মামলাটি করেন। এ মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীসহ ৪ জনকে গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে