চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেছেন, নৈতিক শিক্ষা দেয়ার জন্য চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। তবে সম্প্রতি কিছু শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিচ্ছে। তার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা অন্যতম। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা ও তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি গত ১ বছর পূর্বে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকতার মাধ্যমে যাত্রা শুরু হয়। ওই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। খুবই অল্প সময়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এবং অভিভাকদের সমন্বয়ে অবস্থান তৈরী করতে পেরেছে দেখে ভালো লেগেছে। এই প্রতিষ্ঠানটি আরো সফলতা বয়ে আনবে সেই কামনা করছি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান ফারুকুল ইসলাম, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর সহকারী পরিচালক ইকরামুল হক, লক্ষ্ণীপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শাখা প্রধান হেমায়েত উল্যাহ ও গার্লস শাখা প্রধান মফিজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শাখা প্রধান হাফেজ মাওলানা মো. ইমরান হোসাইন। সঞ্চালনায় ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ, বাংলা অনুবাদ করেন আহনাফ হাবিব, ইংরেজী অনুবাদ করে আহমেদ বিন কবির। ক্রীড়া অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, তানযীম থিম সং, ওসামান হাদি সং পরিবেশন করে শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে শিক্ষার্থীরা ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন। এসব ক্রীড়ানুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকরা সার্বিক সহযোগিতা করেন।