সেভ সুনামগঞ্জ শ্লোগানে নির্বাচনি ইশতেহার ঘোষণা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৩ পিএম
সেভ সুনামগঞ্জ শ্লোগানে নির্বাচনি ইশতেহার ঘোষণা

‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ শ্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল। বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এতে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। ইশতেহারে নুরুল ইসলাম নুরুল বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যমণি সুনামগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা ও উন্নয়ন অবহেলার শিকার। এই বাস্তবতা থেকে উত্তরণে একটি সুস্পষ্ট অঙ্গীকারের প্রয়োজন-‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থন পেলে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে সুনামগঞ্জ-৪ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তর করা হবে। ইশতেহারে মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করা হয়। নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করা হয়। হাওর, কৃষি ও পরিবেশ সুরক্ষায় দেখার হাওর ও খরচার হাওরে বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন, টেকসই হাওর রক্ষা বাঁধ নির্মাণ, নদী-খাল দখলমুক্তকরণ, কৃষকের জন্য সার-বীজ ও কৃষিকার্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ফসলহানিতে ক্ষতিপূরণ ও ঋণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে উত্তর সুরমায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) দ্বিতীয় সুরমা সেতু নির্মাণ, পৈন্দার খালে সেতু নির্মাণ, ফতেপুর ইউনিয়নের সঙ্গে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি সড়ক যোগাযোগ, ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার ও বর্ষাকালে নিরাপদ নৌযোগাযোগ নিশ্চিত করার কথা বলা হয়। তরুণদের জন্য কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি স্থানীয় সম্পদের সদ্ব্যবহার, হাওরভিত্তিক মৎস্য ও পশুপালন শিল্প উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ ঋণ এবং প্রবাসী কর্মীদের পুনর্বাসনের কথাও তুলে ধরেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুনামগঞ্জ সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ চালু, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ এবং প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ-এম্বুলেন্স চালুর অঙ্গীকার করা হয়। দুর্নীতি দমন ও সুশাসনের বিষয়ে সরকারি সেবায় হয়রানি বন্ধ, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন এবং প্রতি মাসে নির্দিষ্ট দিনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। ইশতেহার ঘোষণাকালে নুরুল ইসলাম নুরুল বলেন, “এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়, এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। আপনাদের নিরাপত্তার প্রহরি হয়ে পাশে থাকতে চাই।” তিনি ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে