অনিবার্য বাস্তবতায় নির্ধারিত সূচিই চূড়ান্ত

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৪ পিএম
২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

সব জল্পনা ও আলোচনা শেষে এ বছরের অমর একুশে গ্রন্থমেলার শুরুর তারিখ চূড়ান্ত করেছে বাংলা একাডেমি। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মেলা পেছানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

বইমেলার সময়সূচি নিয়ে প্রকাশক মহলে নানা আলোচনা চললেও বাংলা একাডেমি জানিয়েছে, সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন ও শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে পৃথক সংবাদ সম্মেলনে বইমেলা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “দীর্ঘদিন ধরে ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে বাংলা একাডেমি। সময়ের ধারায় এই আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।”

তিনি জানান, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে তারিখ নির্ধারণ করা হয়েছে।

অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা বলেন, “বইমেলা আয়োজনের কাজ যখন প্রায় ৬০ শতাংশ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পর মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। আমরা তাঁদের বক্তব্য শুনেছি। তবে বাস্তবতার নিরিখে এপ্রিল মাসে বইমেলা আয়োজন করা দুরূহ।”

তিনি বলেন, এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালির উপদ্রব ও কালবৈশাখীসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে। এসব কারণে মাসব্যাপী বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয়। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ২০ ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করতে গত বছরের তুলনায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও সার্বিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ড. সেলিম রেজা জানান, এবার বইমেলায় অংশ নিতে গত বছর অংশগ্রহণকারী ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের কারণে গত বছরের ৫২৭টির সঙ্গে নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি শতাধিক প্রতিষ্ঠানও অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রকাশক, লেখক ও পাঠকদের সম্মিলিত অংশগ্রহণে এবারের অমর একুশে বইমেলা প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠবে।

আপনার জেলার সংবাদ পড়তে