সিলেটে স্মরণকালের বড় নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ওই দিন বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য দেবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ২টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম। পরিচালনা করেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবারের জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এ জনসভায় সিলেট জেলার ৬টি ও সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। তিনি আরও জানান, আমীরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ এবার ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে চায়। তবে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের মহানগর নেতৃবৃন্দ। এসময় প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তারা আস্থা রাখতে চান। তিনি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সাংবাদিকসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন।