ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের ২ কর্মী গ্রেপ্তার

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৫ পিএম
ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের ২ কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামোনিশন, একটি গ্যাস পিস্তল, ৭.৬৫ মিলিমিটার ন্যাটো (মেড ইন ইউএসএ) পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, চারটি ছেনি ও তিনটি ছুরি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা এবং হাটুরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- একই  উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। এছাড়া অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উথুরা গ্রামে অভিযান চালিয়ে সহোদর দুই ভাই ছাব্বির ও কামরুলকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এদিকে একই দিন রাতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ্ আল মামুন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে প্রাথমিক জিঞ্জাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।