বরিশালের হিজলায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বীর-৪১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে এই সভার আয়োজন করা হয়।
বুধবার বিকাল ৩টায় হিজলায় অবস্থিত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প বীর-৪১ এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর পক্ষে মেজর জাহিদ সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় মেজর জাহিদ সনাতন ধর্মাবলম্বীদের কাছে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ভীতি বা শঙ্কা রয়েছে কিনা জানতে চান। জবাবে উপস্থিত সনাতন ধর্মীয় নেতারা জানান, হিজলায় বর্তমানে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি বা নিরাপত্তা শঙ্কা নেই।
সেনা কর্মকর্তা বলেন, নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন চলাকালীন সময়ে যদি কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবহিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যেকোনো আপদকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বজায় রাখা ও নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।