ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫১ পিএম | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫০ পিএম
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে কিছুটা থমকে থাকার কথা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক মসৃণ হয়নি, তবে নতুন সরকার এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ককে এগিয়ে নিতে পারবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে আমরা সবসময় ভালো কাজের সম্পর্ক চেয়েছি। দ্বন্দ্ব নেই, তবে সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে এটি থমকে আছে। আমি কাউকে এককভাবে দায়ী করতে চাই না। ভারতের স্বার্থ যেভাবে, আমরা আমাদের স্বার্থ সেইভাবে নিয়েছি। আমাদের মধ্যে কিছু পার্থক্য থাকায় অগ্রগতি হয়নি।”

তিনি আরও বলেন, “পরবর্তী সরকারের সময়ে আশা করি এসব অমীমাংসিত বিষয় কাটিয়ে সম্পর্ক মসৃণ হবে। ইস্যু থাকবেই, স্বার্থের সংঘাতও থাকবে। তারপরও সম্পর্কের মসৃণতা গুরুত্বপূর্ণ। আমাদের সময়ে সম্পর্ক খুব স্মুথ ছিল না, কিছু সেটব্যাক হয়েছে। নতুন সরকার এই পরিস্থিতি সামলাতে সক্ষম হবে।”

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, “মনোভাব বিষয়টি বিমূর্ত। আমরা অফিশিয়ালি তাকে ফেরত চেয়েছি, তবে সাড়া পাইনি। অনুমানে যাওয়াটা ঠিক হবে না।”

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের ভিসা না দেওয়া প্রসঙ্গেও মন্তব্য করেছেন। তিনি বলেন, “বাংলাদেশিদের ভিসা না দেয়ার দায় সম্পূর্ণভাবে সিস্টেমের। এটি আমার বা মন্ত্রণালয়ের ব্যক্তিগত দায় নয়। কাগজের ভুল, জালিয়াতি বা তথ্যের অসঙ্গতি আমাদের সিস্টেমে সমস্যার সৃষ্টি করেছে। যতক্ষণ আমরা ঘর গোছাবো না, সমস্যা থাকবে এবং আরও দুঃসময় আসতে পারে।”

নির্বাচনের বিষয়ে তিনি জানান, বিদেশি কূটনীতিকরা আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো চাপ সৃষ্টি করেননি। তিনি বলেন, “আমাদের সঙ্গে যারা দেখা করেছেন, তারা শুধুই জানতে চেয়েছেন নির্বাচন প্রসঙ্গে। কেউ আমাদের করতে বলেছে বা বাধ্য করেছে না। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মন্তব্য থেকে স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় এগোয়নি, তবে নতুন সরকারের মাধ্যমে মসৃণ সম্পর্কের আশাবাদ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তিনি সিস্টেম সংক্রান্ত সমস্যাগুলোর দায় স্বীকার করে সতর্ক করেছেন যে, এগুলো ঠিক না করলে আরও জটিলতা তৈরি হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে