হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৪ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শহীদ হাদির স্ত্রী এবং মঞ্চের অন্যান্য সদস্যরা।

ফাতিমা তাসনিম জুমা সাংবাদিকদের বলেন, “জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলছে ইনকিলাব মঞ্চ, কিন্তু সহযোগিতায় এখন পর্যন্ত সবাই হাত গুটিয়ে রেখেছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণের সহায়তা নেবে, সারাদেশের জনগণ নিয়ে যমুনার সামনে বসবে। সামলানোর দায়িত্ব সরকারের।”

অবস্থান কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই কারণে আমরা অল্প কয়েকজন এসেছি। আমরা চাইলে আরও মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ হাদির স্ত্রীকে নিয়ে অপেক্ষা করব। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান ছেড়ে যাব না। শহীদ হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় সংঘটিত হয়। তাকে গুলি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে