বলিউডের ঝলমলে আলো-ছায়ার আড়ালে লুকিয়ে থাকা না-বলা আবেগ আবারও সামনে এলো। একসময় যাদের নাম একসঙ্গে উচ্চারিত হতো ‘পাওয়ার কাপল’ হিসেবে, সেই অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদের বহু পরেও যে সম্পর্কের সুতো পুরোপুরি ছেঁড়া যায়নি, তারই ইঙ্গিত মিলল নেটদুনিয়ার এক আবেগঘন মুহূর্তে। সমপ্রতি প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে অর্জুনের হৃদয়ছোঁয়া এক পোস্টে ফুটে উঠল নিঃসঙ্গতা আর জীবনের কঠিন বাস্তবতা। আর ঠিক সেখানেই, নীরব অথচ গভীর সহমর্মিতার ছোঁয়া দিয়ে ভক্তদের চমকে দিলেন মালাইকা। প্রকাশিত সেই পোস্টে মায়ের স্মৃতিচারণ করে অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।’ মূলত অভিনয় জীবন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিনিয়ত নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হতে হয় এই অভিনেতাকে। অর্জুনের পোস্টে সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেঙে না পড়ার অঙ্গীকার করে অভিনেতা আরও লেখেন, ‘আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আমার দেখা হবে এবং একসঙ্গে জন্মদিন উদ্যাপন করব।’ অর্জুনের এমন বিষাদময় পোস্টে বলিপাড়ার অনেক তারকা মন্তব্য করলেও সবার নজর কেড়েছে মালাইকা আরোরার উপস্থিতি। কোনো শব্দ খরচ না করে একটি ‘লাল হৃদয়’ (ইমোজি) দিয়ে অর্জুনের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। বিচ্ছেদের পর মালাইকার নাম অন্য কারও সঙ্গে জড়ালেও কঠিন সময়ে প্রাক্তনের পাশে দাঁড়াতে ভুললেন না এই অভিনেত্রী। অর্জুনের এই পোস্টে কেবল মালাইকা নন, সমবেদনা জানিয়েছেন জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সঞ্জয় কাপুরের মতো তারকারাও। এদিকে ভক্তরা অর্জুনের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অকারণে ট্রোলিং বন্ধ করা উচিত। কেউ কেউ কঠোর হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, অভিনেতা যদি কোনো খারাপ সিদ্ধান্ত নেন, তবে তার জন্য সমালোচকরাই দায়ী থাকবেন।