ফারুক আহমেদ শেয়ার করলেন তার জীবনের এক অমলিন স্মৃতি

এফএনএস বিনোদন
| আপডেট: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৮ পিএম | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৮ পিএম
ফারুক আহমেদ শেয়ার করলেন তার জীবনের এক অমলিন স্মৃতি

সোশ্যাল মিডিয়ায় জীবনের এক অমলিন স্মৃতি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ । ৩৩ বছর আগে সদ্য বিবাহিত জীবনে স্ত্রী নাসরিনের সঙ্গে কাটানো মধুচন্দ্রিমার একটি ছবি পোস্ট করে তিনি যেন ফিরে গেলেন সেই সোনালি অতীতে। ছবিটি কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা। সাদাকালো বা পুরনো সেই ছবির ক্যাপশনে ফারুক আহমেদ লিখেছেন এক আবেঘন বার্তা। তিনি লেখেন, “আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে। তখন কে জানত আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হব? জীবন এত ছোট ক্যানে?” তার এই পোস্টে ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে নস্টালজিয়া। হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক ‘আজ রবিবার’-এ ‘মতি’ চরিত্রে ফারুক আহমেদ এবং ‘ফুলি’ চরিত্রে তার স্ত্রী নাসরিন যে অনবদ্য অভিনয় করেছিলেন, তা আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। পর্দার সেই জনপ্রিয় জুটির রসায়ন যে বাস্তব জীবনেরই প্রতিফলন ছিল, তা নতুন করে মনে করিয়ে দিল এই ছবি। জীবন ও সময়ের দ্রুত গড়িয়ে যাওয়া নিয়ে অভিনেতার এই হাহাকার নেটিজেনদেরও স্পর্শ করেছে।