মৃত্যুর বহু বছর পরও আসছে সুবীর নন্দীর নতুন গান

এফএনএস বিনোদন | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০০ পিএম
মৃত্যুর বহু বছর পরও আসছে সুবীর নন্দীর নতুন গান

বহু বছর আগেই মারা গেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দী। কিন্তু এখনও তার কিছু গান অপ্রকাশিত রয়ে গেছে। প্রায় ৮ বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক-এর সুর সংগীতে মোট ১১টি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে এবার গানগুলো মুক্তি দেয়া হচ্ছে। এবারের গানটি লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে। একই সাথে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সুবীর দার সাথে এই গানগুলোর প্রজেক্ট আমার জীবনের অমূল্য স্মৃতির মতো। গানগুলো আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই অ্যাকুস্টিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে। যেমন এই গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। গানটির কথাগুলো অসাধারণ। সুবীরদার কণ্ঠ নিয়ে তো বলার কিছু নেই। আমি মনে করি রিলস/টিকটকের এই যুগে এখনও কিছু শ্রোতা রয়েছেন, যারা মেলোডিতে মগ্ন থাকতে চান। এই গানটা তাদের জন্য।’ গীতিকবি জাহিদ আকবর বলেন, ‘তানভীরের সুরে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। এই গানটি যে সুবীর দার কণ্ঠে ধারণ করা হয়েছে তা আমার জানাও ছিলো না। আমি ভেবেছি গানটি পরে আর রেকর্ড হয়নি। কিন্তু এতদিন পর সুবীর দার কণ্ঠে আমার এই গানটি শুনতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। আমি মনে করি শ্রোতারাও একইভাবে এই গানের মুগ্ধতা নিতে চাইবে বারবার।’ গানটি ঢাকার কোলাহল স্টুডিও, কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে ধারণ ও এর মিক্স মাস্টারিংয়ের কাজ করা হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে। তানভীর তারেক জানান, আজ শুক্রবার রাত ১০টায় যমুনা টিভির লাইভ অনুষ্ঠানে গানটির লিরিক ভিডিও প্রকাশ হবে। আর মিউজিক ভিডিও প্রকাশ হবে আসছে রোজার ঈদে। বলা দরকার, কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে না ফেরার দেশে পাড়ি জমান।