ফুুলবাড়িয়ায় পাঁচ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৪ পিএম
ফুুলবাড়িয়ায় পাঁচ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের পরিচয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি পুলিশের জ্যাকেটসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ত্রিশাল উপজেলার সতের পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাৎ হোসেন (২৭), ধরিলা মধ্য পাড়ার হেলাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রনি (২৪) ও ছলিমপুর গ্রামের মোফাজ্জল হোসেন ছেলে সারোয়ার হোসেন (২৫)। ছলিমপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ত্রিশাল পৌরসভা এলাকার আ. মতিনের ছেলে সরোয়ার আলম (২১) । আজ দুপুরে ( ৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।  গ্রেপ্তারকৃত পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নম্বর আমলী আদালতে প্রেরণ করেন। গত বুধবার রাতে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ডিবি পুলিশের পোশাক পরিহত ৪ জন যুবক কামাল ও হারুন নামের দুই ব্যক্তিকে হাতকড়া পড়িয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।  এতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে এক জন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা তিনজনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে সারওয়ার ও আশরাফুল ইসলামের নাম বললে তাদেরকে ময়মনসিংহ চরপড়া এলাকা থেকে রাতেই গ্রেপ্তার করেন।  গ্রেপ্তারকৃদের কাছ থেকে পাঁচটি ডিবি পুলিশের ভুয়া পরিচয় পত্র, দুটি হাতকড়া, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের দুটি জ্যাকেট, দশটি ভুয়া গ্রেপ্তারী পরোয়ানার কাগজ, ৭ টি মোবাইল ফোন, একটি ডেক্সটপ,একটি মনিটর ও একটি প্রিন্টার জব্দ করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত দুই সপ্তাহ আগে রঘুনাথপুর গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করে ৮০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে তারা চলে যায়। গতকাল রাতে এ চক্রের সদস্যরা রঘুনাথপুর গ্রামে একই কায়দায় কামাল ও হারুন নামের দুইজনকে হাতকড়া পড়িয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবী করেন। তারা সকলে আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। ডিবি পুলিশের পোশাক পরিধান করে মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। রঘুনাথপুর গ্রামের এ এস এম আব্দুললাহ জানান, বুধবার রাতে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি নিয়ে ৪ জনের একটি দল রঘুনাথপুর গ্রামের দুজনকে আটক করে ভয় দেখিয়ে টাকা দাবি করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এসময় একজন পালিয়ে যায়। ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে। তাদের কাছ থেকে হাতকড়া, ওয়াকিটকি, ডিবি পুর্লিশের ভুয়া পরিচয় পত্র, গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।