ঈদগাঁও উপজেলায় সেনা ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে (৫ ফেব্রুয়ারি) ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া ও সংলগ্ন পাহাড়ে এ অভিযান চালানো হয়। রামু সেনানিবাস সূত্র জানায়, এ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল একটি চক্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে ঘটনাস্থল হতে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড এ্যামুনেশন, ১ টি পৌচসহ মোঃ দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ঈদগাঁও থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদার জানান, সকাল থেকে কালিরছড়া শিয়া পাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চলমান রয়েছে। অস্ত্র সংগঠিত ব্যাপার বিধায় জিজ্ঞাসাবাদ করতে হবে। অভিযান শেষ হলে পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবেন।