নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের চত্রভঙ্গ করে দেয়। তবে আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা।
এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে সেখানে হইচই ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী এলাকা ছাড়েননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। পথে পুলিশের বাধা, ব্যারিকেড ও জলকামান থেকে পানি নিক্ষেপের ঘটনা ঘটে।
উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মবিরতি বাড়িয়ে চার ঘণ্টা করা হয়। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবেই আজ যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।