পাল্টাপাল্টি অভিযোগ

কাপাসিয়ায় বিএনপি- জামায়াতের নির্বাচনী অফিস ভাংচুর

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৩ পিএম
কাপাসিয়ায় বিএনপি- জামায়াতের নির্বাচনী অফিস ভাংচুর
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তায় জামায়াতে ইসলামীর একটি মিছিল ও পথসভাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনার এক পর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এব্যাপারে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান এক ভিডিও বার্তায় জানান, স্থানীয় ৯ নং ওয়ার্ড সালদৈ চৌরাস্তায় তাদের নির্বাচনী অফিসে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া মোড়ল ও ছাত্রদলের সাবেক নেতা রাজীব ঝুমা, মোখলেছুর রহমান, কামাল হোসেন, সালাম, সোহাগ, ফারুক বসে ভোটার স্লিপ তৈরি করছিল। এসময় ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইমতিয়াজ হোসেন বকুলের নেতৃত্বে জাহিদ, ওহিদ বেপারী, সিদ্দিকুর রহমান, তুহিন সহ ৩০/৩৫ জন দাড়িপাল্লার মিছিল করে এসে দা, লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাদের অফিসে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাজীব ঝুমার মাথায় এবং লাল মিয়ার পায়ে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। রাজীবকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর এক ভিডিও বার্তায় জামায়াতে ইসলামীর পদপ্রার্থী মু. সালাউদ্দিন আইউবী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার মাগরিবের পর ওই স্থানে তাদের পূর্ব নির্ধারিত অনুমোদিত মিছিল ও পথসভা ছিল। দলীয় নেতা কর্মীরা কর্মসূচি শেষ করে ওই স্থান ত্যাগ করার সময় পিছন থেকে বিনা উস্কানিতে স্থানীয় বিএনপির কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের বেশ কিছু কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া উভয় পক্ষই তাদের অফিসের বেশকিছু চেয়ার, হ্যান্ডমাইক, পোষ্টার, লিফলেট, ভোটার লিস্ট, ভোটার শ্লিপ ছিঁড়ে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ করেন। উভয় পক্ষই নিজ নিজ নেতা কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান। ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক ও যৌথবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।
আপনার জেলার সংবাদ পড়তে