আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৫ দিন আগে দলীয় ইশতেহার আনুষ্ঠানিকভাবে তুলে ধরে তারেক রহমান।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’ বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার দেয় দলটি। এতে পাঁচটি অধ্যায়ের প্রথমে অধ্যায় ‘রাষ্ট্র ব্যবস্থার সংস্কার‘, দ্বিতীয়তে ‘বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থতে স্থান পেয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরে বিএনপি।
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত দলের চেয়ারম্যান খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করে।
অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার আগামী দিনের রাষ্ট্রের পরিকল্পনাগুলো তুলে ধরবেন।’
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন।