রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জে উপজেলা সীমানায় বড়দরগাহ নামক স্থানে শুক্রবার ভোর ৪ টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। বড়দরগাহ পেট্্রলপাম্পের সন্নিকটে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন ও পরে রংপুর মেডিকেলে ১ জন মারা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,একটি ট্রাক আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঠিক ওই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক(৫০) নামের এক ব্যক্তিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হারাগাছের আব্দুর রাজ্জাকের ছেলে আরাফাত সানি সানভি(১৭) মারা যায়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা ও রংপুর রিজিয়নের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান এ তথ্য নিশ্চির করেছেন। দুর্ঘটনার বিষয়ে মামলা রুজুর প্রক্রীয়া চলছে।