ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচিতেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এর আগে, এদিন দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের সময় জাবেরসহ ইনকিলাব মঞ্চের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।