ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ৫৪ বছরের ‘মাফিয়া শাসন’, চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বেই এমন এক নতুন বাংলাদেশের বন্দোবস্ত করা হবে, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং কোনো প্রকার অনিয়মের স্থান থাকবে না। শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর ফুটবল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, "একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে শতাধিক নেতাকর্মী হারিয়েছে। যারা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের মানুষকে কীভাবে রক্ষা করবে? অন্যদিকে, জামায়াতে ইসলামী কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতে জামায়াত সরকার গঠন করলে দেশের মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবেন এবং সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন হবে।" বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে নিয়ে স্লোগান দেন। সাতক্ষীরার চারটি আসন জামায়াতকে উপহার দেওয়ার জন্য তিনি স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ এম আবদুল হালিম বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণ শান্তি ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, জামায়াতের নির্বাচনী ইশতেহার অত্যন্ত বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক, যা একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা প্রদান করে। শ্যামনগরকে উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকা উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বেশ কিছু প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে: টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষা নিশ্চিত করা। রেললাইন স্থাপন ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন। সুন্দরবনকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন খুলনা অঞ্চলের সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, ভিপি সাদিক কায়েম আজ দিনভর সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটায় পৃথক আরও দুটি জনসভায় বক্তব্য রাখবেন।