ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের ধানের শীষ প্রতীকের সমর্থনে উপজেলা সদর এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় ফুলবাড়ীয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান বাজার এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মনোনিত আখতারুল আলম ফারুক বলেন, ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক, ন্যায়ের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে এদেশের মানুষ শান্তি ও নিরাপত্তায় থাকবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তিনি আরও বলেন, বিজয়ী হলে বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত উন্নয়নের প্ল্যানের অংশ হিসেবে ফুলবাড়ীয়াকে, আধুনিক, উন্নত, সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলব। এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়নসহ বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। গণমিছিলকে কেন্দ্র করে ফুলবাড়ীয়ায় এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।