পুত্র ওমর ফারুখ ও জামায়াত নেতার জন্য ভোট চাইলেন ড. অলি

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৫ পিএম
পুত্র ওমর ফারুখ ও জামায়াত নেতার জন্য ভোট চাইলেন ড. অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম নিজ পুত্র প্রফেসর ওমর ফারুখ এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর জন্য দাঁড়ি পাল্লা ও ছাতা মার্কায় ভোট চেয়ে সাতকানিয়ায় ব্যাপক গণ-সংযোগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে তিন নেতার নেতৃত্বে সাতকানিয়া রাস্তার মাথা হতে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ কর্মসূচী। ড. অলি আহমদ এবং শাহজাহান চৌধুরী জোহরের পর অন্য কর্মসূচীতে অংশ নেয়ার জন্য চলে গেলে প্রফেসর ওমর ফারুখের নেতৃত্বে বাকি কর্মসূচী পরিচালিত হয়। এতে উক্ত তিন নেতার সাথে দক্ষিণ জেলা জামায়াত আমীর আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপি সেক্রেটারী গোলাম কিবরিয়া শিমুলসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের জামায়াত ও এলডিপির নেতা-কর্মীগণ অংশ নেন। উল্লেখ্য, ১৯৯৬ সাল হতে অলি-শাহজাহান তুমুল বিরোধ চলে আসছিল।সাতকানিয়া -লোহাহাড়া আসন নিয়ে দুই নেতার যুদ্ধ বারবার জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও এলডিপি একই জোটভুক্ত হয়েছে। ফলে তাদের বিরোধ এখন বন্ধুত্বে রূপ নিয়েছে। গত ২ ফেব্রুয়ারী পদুয়ায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদের হাতে তার ছেলের জন্য ছাতা প্রতীক তুলে দেন। আবার ড. অলি আহমদ দাঁড়ি পাল্লা তুলে দেন শাহজাহান চৌধুরীর হাতে। তারা চট্টগ্রাম ১৪ ও ১৫ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী। গণ-সংযোগকালে সারাদিন ঘুরে এলাকায় ব্যাপক গণ সমর্থন পরিলক্ষিত হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে তাদেরকে বরণ করতে এবং সমর্থন জানাতে দেখা গেছে। উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ নির্বাচনী এলাকা ড. অলির ঘাঁটি হিসেবে পরিচিত। চট্টগ্রাম-১৫ জামায়াত-শিবিরের দুর্ভেদ্য দূর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে