ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক হারুনর রশিদ মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরিবুর রহমান মিনি। যোগ দেওয়া উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম আমির সহ ১৫ জন। এর আগে এসব নেতাকর্মীরা দল থেকে অব্যহিত নেন। উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক জানান, দলীয় কার্যক্রম না থাকায় গত ৫ ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিক ভাবে দল থেকে অব্যহতি নিয়েছিলাম। এখন থেকে জাতীয় পার্টির সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই। ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু জানান, আমি গণসংযোগে আছি। আমার দলের কোন নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে এমন সংবাদ আমার জানা নেই। বিষয়টি জেনে পরে আপনাকে জানানো হবে।