বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে একই দিন সকালে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিসটেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান। বৈঠক চলাকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টদের ধারণা, বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য, ট্যারিফ ইস্যু এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
একই সময় মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও এক বার্তায় জানানো হয়, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন ব্রেন্ট টি ক্রিসটেনসেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠকগুলো দুই দেশের চলমান সংলাপ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।