রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে র্যাব বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
র্যাবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।