আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব আমিরাবাদে অনুষ্ঠিত বৈঠকে নারী-পুরুষ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক আসলাম চৌধুরীর সহধর্মিণী লায়ন জামিলা নাজনীন মাওলা। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে। মজলুম জননেতা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় কারাভোগ করেছেন। এবার তাকে সুযোগ দিন। তিনি শিক্ষার মান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিশেষ নজর দেবেন। তিনি আরও জানান, গত দুই সপ্তাহ ধরে তিনি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্যা চিহ্নিত করেছেন। তিনি বলেন, আমার স্বামী এমপি না হলেও নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নানা প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার স্বামীকে নির্বাচিত করলে তিনি আরও বড় পর্যায়ে এই কাজগুলো করতে পারবেন। উঠান বৈঠকে উপস্থিত ভোটাররা তাঁর আবেগঘন কথায় অনুপ্রাণিত হয়ে সমর্থনের প্রতিশ্রুতি দেন। একজন ভোটার বলেন, দীর্ঘ বছর কারা নির্যাতনের শিকার হলেও আসলাম ভাই সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার আমরা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবো। তিনি আমাদের গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্যসেবায় নতুন দিশা দেখাবেন। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে সীতাকুণ্ডের মানুষ আরও স্বচ্ছ ও উন্নত জীবন উপভোগ করতে পারবে। এলাকাবাসী বিশ্বাস করেন, আসলাম চৌধুরীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সামাজিক কল্যাণে সীতাকুণ্ড একটি মডেল উপজেলায় রূপান্তর হবে।