সীমান্তে বাড়তি বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম
সীমান্তে বাড়তি বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সীমান্তসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভোট কারচুপির সুযোগ নেই। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে এই বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সাধারণত সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী দায়িত্ব পালন করে না। তবে পরিস্থিতির প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে বলেও জানান তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “নির্বাচন হবে খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। এটি হবে ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন। আপনারা সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে জায়গায় যে রকম ব্যবস্থা প্রয়োজন, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের সভায় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে সাতটি বিভাগে ইতোমধ্যে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা সম্পন্ন হয়েছে। রংপুর বিভাগের সভার মাধ্যমে সেই প্রক্রিয়া শেষ হলো। তার ভাষায়, রংপুর বিভাগে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এবং সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ জন্য বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

ঢাকায় একটি অনলাইন পত্রিকার অফিস থেকে ২১ জন সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে