কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এক মাদক চোরাকার বারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে প্রায় ১৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে দৌলতপুর উপজেলার জয়পুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে যানবাহন তল্লাশিকালে দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের পেছনের আরোহী মোঃ লিটন আলী (২৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে মোটরসাইকেল চালক কৌশলে পালিয়ে যায়। আটককৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা। এছাড়া একই দিন ভোরে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ হাজার পিস ভারতীয় চকলেট বাজি জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৪ লাখ টাকা। চরচিলমারী বিওপির আওতাধীন এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০০ গ্রাম হেরোইন, ৫০ বোতল মদ, এবং অন্য একটি অভিযানে ৩০ বোতল মদ, ১ হাজার ৩০০ পিস চকলেট বাজি ও ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া শেওড়াতলা বিওপি এলাকা থেকেও ৩০ বোতল মদ ও ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এসব অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য ১৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মালিকবিহীন জব্দকৃত মাদকদ্রব্য ও ঔষধ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান দমনসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।