ভোট দিতে বাধা দিলে যারা দিল্লীতে আছে তাদের মতো পরিনতি হবে : আসিফ মাহমুদ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৭ পিএম
ভোট দিতে বাধা দিলে যারা দিল্লীতে আছে তাদের মতো পরিনতি হবে : আসিফ মাহমুদ

আপনার সন্তানেরা, আমার ভাই-বোনরা যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, তাহলে আপনারা ১২ ফেব্রুয়ারি একটি সিল দিতে পারবেন না? আপনারা আমরা ১২ তারিখ ন্যায়ের পক্ষে সিল দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। নির্বাচনের দিন শুধু একটি ভোট দেওয়াই আপনার দায়িত্ব না। আপনার প্রতিবেশী যারা কেন্দ্রে ভোট দিতে আসবে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই দায়িত্বও আপনাকে পালন করতে হবে। আজ রোববার বিকেল ৫ টায় পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা মাঠে পিরোজপুর- ৩ আসনের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বৈরাচার আওয়ামীলীগের পতনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে যারা রাতে ভোট চুরি করে, কেন্দ্র দখল করে ক্ষমতায় গিয়েছিলো তাদের কি পরিনতি হয়েছে আপনারা দেখেছেন। যদি ১২ তারিখ কেউ আপনাকে ভোট দিতে বিরত রাখার চেষ্টা করে, আপনাকে যদি বাধা দেয়, তবে তাদের পরিনতি এখন যারা দিল্লীতে আছে তাদের মতো হবে। তিনি মঠবাড়িয়া উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আপনাদের এ জনপদ অনুন্নত। অনেক কষ্টের মধ্য দিয়ে আপনাদের চলতে হয়। ইনশাআল্লাহ ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে আপনাদের আর দু:খ কষ্ট থাকবেনা। বলেন, পিরোজপুর-৩ আসনে আপনাদের প্রার্থী এনসিপি তথা ১১ দলীয় জোট প্রার্থী ড. শামীম হামিদী এদেশের মুক্তির জন্য এদেশের মানুষের মুক্তির জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ২৪ এর জুলাই-আগস্টে রাজপথে লড়াই করেছে। শাপলাকলি মার্কায় ভোট দিয়ে তাকে যদি আপনারা নির্বাচিত করেন তবে তিনি আপনাদের মুক্তির জন্য আপনাদের এলাকার উন্নয়নের জন্য লড়াই করবে। তিনি বলেন, স্বৈরাচার আমলে আপনাদের এলাকায় এক-দুইজনকে চাঁদা দিতে হতো। এখনতো অনেক গ্রুপকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করতে আসছে নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে নির্বাচিত করে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে।  জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে এ আসনের প্রার্থী এনসিপির ড. শামীম হামিদী, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির সেক্রেটারি ফয়সাল মাহমুদ শান্তসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে