বরগুনা-১ আসনে ৩১ টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৪ পিএম
বরগুনা-১ আসনে ৩১ টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সবকিছু ঠিক থাকলে আর মাত্র ৭২ ঘন্টা পার হলেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট। নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এরই মধ্যে বরগুনা-১ আসনের (সদর, তালতলী ও আমতলী) এ ৩টি উপজেলার ১৯০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানা যায়, বরগুনা-১ আসনের (বরগুনা সদর, তালতলী ও আমতলী) ৩ টি উপজেলায় ১৯০ টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮ টি, আমতলী উপজেলায় ১৮ টি ও তালতলী উপজেলায় ৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বরগুনায় শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ তাসলিমা আক্তার বলেন, 'ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। তবে জেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।' উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় ২৪ হাজারের বেশি। ফলে এই দুই উপজেলার ভোটই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে