ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, আতঙ্ক সৃষ্টি

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১২ পিএম
ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, আতঙ্ক সৃষ্টি
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া রেলক্রসিংয়ে একটি সিলিন্ডারবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কমিউটার ট্রেন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পারাপারের সময় ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা গ্যাসভর্তি একটি সিলিন্ডার ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে যায়। সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে—এ আশঙ্কায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। তবে দুর্ঘটনায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে থাকা গ্যাসভর্তি সিলিন্ডারটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, ভাটাপাড়া রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে একই স্থানে দুই মোটরসাইকেল আরোহী নিহতসহ একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে