সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৮ পিএম
সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে লালমনিরহাটে ব্যাপক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিদর্শন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তার দিকনির্দেশনায় আয়োজিত এই মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। নির্বাচনকালীন দাঙ্গা ও সন্দেহভাজন পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল প্রদর্শন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় বিশেষ মহড়া, বাস্তব পরিস্থিতির আদলে আধুনিক যুদ্ধসরঞ্জাম ও দ্রুত প্রতিক্রিয়া কৌশলের অনুশীলন এই মহড়ার আওতাভুক্ত ছিল। সেনাবাহিনীর এই মহড়ার মূল লক্ষ্য হলো নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা। মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কার্যকর প্রস্তুতির সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে। মহড়া প্রত্যক্ষ করা লালমনিরহাটের সাধারণ জনগণ সেনাবাহিনীর এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বলেন, এমন মহড়া নির্বাচনকে ঘিরে জনমনে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে