ভালুকায় বিকাশে বেতন দেয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২১ পিএম
ভালুকায় বিকাশে বেতন দেয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

ভালুকায় একটি পোষাক কারখানার শ্রমিকদের বেতন বিকাশে দেয়ার ফলে শ্রমিকরা এক হাজার টাকার বেশী উত্তোলন করতে পারছেনা। এতে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সিডস্টের হামিদ টেক্সটাইল লিমিটেডের পোষাক কারখানায় এ ঘটনা ঘটেছে।   শ্রমিকরা জানায়, প্রতিষ্ঠানটি শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করে থাকে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিধি নিষেধ থাকায় বিকাশ থেকে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলন করা যায় না। শ্রমিকরা বিকাশে একবারে টাকা উঠাতে না পারলে তাদের বাসাবাড়া,দোকান বাকি সহ সংসারের অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে। এ কারনে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।  খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।