লক্ষ্ণীপুরে এ্যানীর সমর্থনে বিএনপির গণমিছিল

এফএনএস (নিজস্ব প্রতিবেদক): | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৫ পিএম
লক্ষ্ণীপুরে এ্যানীর সমর্থনে বিএনপির গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্ণীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা। লক্ষ্ণীপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সমর্থনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা লক্ষ্ণীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে সেখান থেকে এ্যানীর নেতৃত্বে গণমিছিল বের হয়ে পৌর শহরের দক্ষিণ তেহমুনী থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমার এলাকায় গিয়ে শেষ হয়।  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, রাজনৈতিক অবহেলার কারণে লক্ষ্ণীপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গত ১৭ বছরে নেতাকর্মীরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। এ সময় তিনি লক্ষ্ণীপুর ও পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এ সময় নেতা-কর্মীদের নিয়ে জোর কদমে প্রচারণা চালান তিনি।  দলীয় ও স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা লক্ষ্ণীপুর পৌর  এলাকায় জড়ো হন। তাঁদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। গণমিছিলটি এক গণসমাবেশ পরিনত হয়। গণমিছিলে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকে হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা বিএনপির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করীম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ। জানাগেছে, লক্ষ্ণীপুরের চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে লক্ষ্ণীপুর-৩ (সদর) আসনে লড়ছেন ৬ জন। আসনটিতে সকাল থেকে লক্ষ্ণীপুর পৌর এলাকার  ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করেন এবং লক্ষ্ণীপুর ৩ আসনসহ পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে