ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবেলায় নীলফামারীতে যৌথ মহড়া পরিচালনা করেছে র্যাব, সেনাবাহিনী আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) নীলফামারী সদর উপজেলায় অনুষ্ঠিত এ মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরা হয়। মহড়ার একপর্যায়ে একটি দুষ্কৃতকারী চক্র নির্বাচন বানচালের চেষ্টা করলে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাৎক্ষণিক অভিযানে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। এ সময় র্যাবের নেতৃত্বে পরিচালিত অভিযানে সমন্বিত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে। যৌথ মহড়া পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও অধিনায়ক ৭ বীর রিফাত এবং র্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর ইশতিয়াক আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সাইদুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। কর্মকর্তারা আরও জানান, দুর্গম এলাকাগুলোতেও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি স্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার বলেন,প্রতিষ্ঠালগ্ন হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে দায়িত্ব পালন করে থাকে।এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলার সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস সহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।