আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে যায়। উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মাওলানা মোস্তফা আমীন, ছরোয়ার হোসাইন বাদল প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, শরণখোলার প্রতিটি মানুষ ও জনপদকে নিরাপদ রাখা হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সকল নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি অবহেলিত এই জনপদকে আধুনিক ও উন্নত শরণখোলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।