চট্টগ্রাম বন্দরের ইজারা না দেওয়ার দাবিতে শ্রমিকের গঠনমূলক ও নিয়ন্ত্রিত আন্দোলনকে কেন্দ্র করে বেআইনীভাবে শ্রমিক নেতৃবৃন্দকে বরখাস্ত ও গ্রেফতার করায় ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রম সংস্কার কমিশন ২০২৪-এর প্রধান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রমিকদের সাথে আলোচনার সময় শ্রমিকদের বিরুদ্ধে কোনোরূপ দমন-পীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আশ্বস্ত করলেও বাস্তবে সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করা যায় বলে তিনি মন্তব্য করেন। সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ উল্লেখ করেন, শ্রম সংক্রান্ত প্রতিটি ইস্যুই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং প্রত্যেকটি জাতীয় ইস্যু রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে। উপরোক্ত ঘটনায় শ্রমিকদের দমন-পীড়নের পথ বেছে নেওয়ায় একদিকে যেমন ব্যবসার ক্ষতি হয়েছে তেমনি মানবধিকারের লংঘন, শ্রমিকদের মৌলিক অধিকার লংঘনসহ বিদেশে দেশের ভাবমুর্তি নষ্ট হয়েছে। তিনি উক্ত ঘটনায় বরখাস্তকৃত শ্রমিকদের চাকুরিতে পুনর্বহাল ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।