বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে বলেন, সোমবার (৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের শেষ মুহুর্তে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অপ্রকাশিত যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তা এই সরকারের এক্তিয়ার বহির্ভূত। তিনি বলেন, চুক্তিটি অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে এবং চুক্তির সকল শর্ত প্রকাশ করা হয়নি- যা দুরভিসন্ধিমূলক। ১% শুল্ক কমানোর ফলে গার্মেন্টস মালিকরা সামান্য সুবিধা ভোগ করলেও বানিজ্য চুক্তি কি কি শর্তে করা হয়েছে তা নিয়ে তিনি গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বানিজ্য চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলী অবিলম্বে জাতির সামনে প্রকাশের দাবী জানান। কমরেড জাহিদ বলেন, যখন দেশে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে জনমনে নানারকম শঙ্কা, সরকার নিরপেক্ষতা নিয়ে সংশয় ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট, তখন সরকার সেদিকে মনোযোগ না দিয়ে দ্রুততার সাথে, শেষ মুহুর্তে এক্তিয়ার বহির্ভূতভাবে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলেই মনে হয়। এই চুক্তির ফলে ভবিষ্যতে দেশ কি বিপদের মধ্যে পড়বে তা সবার অজানা। নতুন সরকারের পক্ষে এই শর্ত মেনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের স্বার্থ রক্ষা করা কঠিন ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিবৃতিতে তিনি অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাড়াহুড়ো করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বানিজ্য চুক্তি করার প্রতিবাদ জানান। একইসাথে তিনি আগামী নির্বাচিত সরকারকে এরূপ অনৈতিক চুক্তি বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান।