ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে থাকবে।”
কোনো সুনির্দিষ্ট হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। তবে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।”
ডিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, “নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবুও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।”