ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগে ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিভাগীয় কমিশনার জানান, রাজশাহী বিভাগে মোট ৩৯টি সংসদীয় আসন রয়েছে। ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি সিটি করপোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ বিভাগের আয়তন ১৮ হাজার ১৫৪ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২ কোটি ৩ লাখ মানুষের বসবাস। চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন; যার মধ্যে পুরুষ, নারী ও হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ২৮৭টি, এর মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।