যানবাহনের চাপ রয়েছে ঢাকা-বগুড়া মহাসড়কে

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৫ পিএম
যানবাহনের চাপ রয়েছে ঢাকা-বগুড়া মহাসড়কে

বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন উপলক্ষে টানা তিনদিন ছুটি পেয়ে ঈদের আমেজে ভোট উৎসবে যোগ দিতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে উত্তরের মানুষ। বৃহস্পতিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সিমাবাড়ী,ছোনকা,মির্জাপুর, ধুনটমোড়,বাসষ্ট্যান্ড, কলেজ রোড এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে বেড়েছে  যানবাহনের চাপ। বাসের পাশাপাশি ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছে উত্তরের মানুষ। তবে গতকালের তুলনায় আজকে যানবাহনের চাপ কমে এসেছে। ধুনট মোড় এলাকায়  শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। নির্বাচন উপলক্ষে টানা তিনদিনের ছুটি পেয়েছি। গতকাল খুব চাপ থাকায় আসতে পারিনি। তাই আজকে ভোরে রওনা দেই কোথাও কোনো যানজট না থাকায় দ্রুত চলে আসলাম। তিনি আরও বলেন, এর আগে জাতীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে এবার আশা করছি সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে পারবো। তিনি অভিযোগ করে বলেন, টানা তিনদিন ছুটির কারণে সবাই বাড়ি যাচ্ছে আর এই সুযোগে পরিবহনগুলো তাদের ভাড়াও বাড়তি নিচ্ছে। একতা পরিবহনের সুপারভাইজার রানা আহমেদ বলেন, ঢাকা থেকে যাত্রীর প্রচুর চাপ থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে এটা ঠিক। কিন্তু বগুড়া থেকে ঢাকা যেতে হচ্ছে ফাঁকা গাড়ি নিয়ে। এটা তো আপনারা দেখেছেন না। আমরা কয়েক টাকা ভাড়া বেশি নিচ্ছি এটা নিয়ে যাত্রীদের অনেক কথাও শুনতে হচ্ছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী  বলেন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও আমরা সবসময় সতর্ক আছি। এই মহাসড়কে যানবাহনগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য তার টিম কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে