রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনা সদস্যরা তল্লাশি ও সার্বিক অভিযানে সহযোগিতা করেন।= মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে নারুয়া বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের পুত্র হিলাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ (চ) ধারায় তাকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।