আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজশাহীর বাগমারা উপজেলায় নির্বাচনী উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাগমারা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৬৬ বর্গকিলোমিটার আয়তনের এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭২০ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। বিপুল ভোটার ও বিস্তৃত ভৌগোলিক অবস্থানের কারণে রাজশাহী-৪ আসনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই আসনে মোট ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। ১২২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের নির্বাচনী উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচন কর্মকর্তারা এসব উপকরণ গ্রহণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া,
দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী সরদার,
নাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং
হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।