শেরপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কমকর্তা ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় ও পিকআপে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জান রুকন(৩১) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নিহত মাহফুজা বেগম (২০) জামালপুরের মেলান্দহ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. নিরব মিয়া স্ত্রী। আহতরা হলেন, শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), নিহত মাহফুজার ৩ মাস বয়সী ছেলে আব্দুর রহমান, সদরের গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) ও জামালপুরের উপজেলার খইর এলাকার সুরাইয়া বেগম (২২)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রোকনুজ্জামান ও মাফুজাসহ ৫ যাত্রী শেরপুর আসছিলেন। সকাল সাড়ে ১১ টার দিকে অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী মুসলিহে উম্মাহ্ মহিলা মাদ্রসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক রোকনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মাহফুজা মারা যান। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলতলির ওই দুর্ঘটনায় একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।