কমলগঞ্জে হাত-পা বাঁধা যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) :
| আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৭ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৭ পিএম
কমলগঞ্জে হাত-পা বাঁধা যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী চাম্পারায় চা বাগান থেকে রতন শুভ কর (২৮) নামে হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় চা শ্রমিক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় বাগানের বড় লাইন চা প্লান্টেশন সেকশনে ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভোটের আগের দিন এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিহত রতন শুভ কর চাম্পারায় চা বাগানের চা শ্রমিক শুভকরের ছেলে। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। নিহতের বড় ভাই লক্ষীনধর বলেন, “গতকাল রাত থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে খবর পাই বাগানের বড় লাইন এলাকায় আমার ভাইয়ের হাত-পা বাঁধা ও গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে আমরা তার মরদেহ শনাক্ত করি। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা তা জানি না। তিনি বলেন আমার ভাইয়ের কোন শত্রু ছিল না তবে কেন তাকে হত্যা করা হলো। আমরা এর বিচার চাই।  এ ঘটনায় চাম্পারায় চা বাগান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, স্থানীয় চা শ্রমিকরা বড় লাইন প্লান্টেশন সেকশনে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে  বিষয়টি আামাদেরকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে