ভোট না পড়া মাড়িয়া কেন্দ্রে এবার ভোট উৎসবের ঢল

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৭ পিএম
ভোট না পড়া মাড়িয়া কেন্দ্রে এবার ভোট উৎসবের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারও আলোচনার কেন্দ্রে রয়েছে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ভোট বর্জনের স্মৃতি পেছনে ফলে এবার উৎসবের কেন্দ্র মাড়িয়া।  সকাল সাড়ে ৭টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভোট শুরুর আগেই নারী ও পুরুষ ভোটারদের আলাদা লাইনে দীর্ঘ সারি। কেন্দ্র চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের মধ্যে ছিল আগ্রহ ও উৎসাহ। এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াত প্রার্থী নাজমুল হকের মধ্যে। সকাল সাড়ে ৭টায় মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আবু সাইদ চাঁদ। অন্যদিকে একই ইউনিয়নের শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ভোট দেন নাজমুল হক।

জানা যায়, মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৭৪ জন ও নারী ভোটার ১ হাজার ৮১৪ জন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জামায়াত জোট ভোট বর্জন করলে একজন মানুষও ভোট দিতে না গিয়ে এ কেন্দ্রটি আলোচনায় আসে। ভোট বর্জন করে সারাদেশে উদাহরণ সৃষ্টি করে মাড়িয়া গ্রামের মানুষ। গত ২০২৪ সালের নির্বাচনেও এ কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ১৭ শতাংশ। তবে এবারের নির্বাচনে এ কেন্দ্রে দেখা গেছে উৎসবের আয়োজন।  সরেজমিন সকাল ৭টায় গিয়ে দেখা গেছে, ভোট শুরুর আগেই ভোটারদের লম্বা লাইন। নারী-পুরুষ সব লাইনেই ভোটারদের উপচে পড়া ভীড়। ভোট দিতে আসা ষাটোর্ধ শমসের আলী বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাড়িয়া গ্রামের মানুষ ভোট প্রদান করছে। আ'লীগ শাসনামলে ২০১৪ সালে ভোট কেন্দ্রের ৫০০ গজের মধ্যেও কোনো ভোটার আসেনি। সারাদেশের মানুষ জেনেছিল এই কেন্দ্রে একটি ভোটও পড়েনি। কিন্তু এবার উৎসবের আমেজ। কে কার আগে এসে ভোট দিবে সে প্রতিযোগিতায় নেমেছে। স্থানীয় শিক্ষক রেজাউল করিম বলেন, বিগত সরকারের সময় ভয়-ভীতির কারণে হলেও অনেক জায়গায় কিছু ভোটার ভোট দিতে কেন্দ্রে যেত। কিন্তু ব্যাতিগ্রম ছিল আমাদের কেন্দ্র। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মামলা হামলার পরেও কেউ ভোট কেন্দ্রে আসেনি। মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র দুই ঘন্টাতে মাড়িয়া কেন্দ্রে ভোট পড়েছে ২১ শতাংশ ভোট। ভোটাররা স্বতস্ফূর্তভাবে এসে ভোট প্রদান করছেন।  এই ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, এ গ্রামের মানুষ ভোট দিতেও জানে, আবার ফ্যাসিস্টদের বয়কট করতেও জানে। এবারের নির্বাচনে পুরো চারঘাট-বাঘা জুড়েই চলছে উৎসবের আমেজ। একটি কুচক্রী মহল নানা রকম চক্রান্ত করলেও দিনশেষে ধানের শীষ অনেক ব্যবধানে জয়ী হবে। এই ইউনিয়নের শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটদান শেষে জামায়াত প্রার্থী নাজমুল হক বলেন, বিগত সময় যেমন মানুষ কেন্দ্রে না গিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল, এবার ঈদের আমেজ তৈরি করে তা ব্যাতিক্রম ঘটিয়েছে। দিনশেষে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

আপনার জেলার সংবাদ পড়তে