রাজশাহী-১ আসনে ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৩ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৩ পিএম
রাজশাহী-১ আসনে ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজ ভোট প্রদান করেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। পরে কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং দাড়িপাল্লা প্রতীকে সমর্থন কামনা করেন। তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসন। এখানে মোট ভোটকেন্দ্র ১৫৯টি। এরমধ্যে তানোরে ৬১টি এবং গোদাগাড়ীতে ৯৮টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২ লাখ ৯৬ হাজার ৯১০ জন। আর তানোর উপজেলায় ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন। গোদাগাড়ীতে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৩২ জন। আর নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৩৭৫ জন। তানোরে পুরুষ ভোটার ৮৪ হাজার ৫৪৬ জন। আর নারী ভোটার সংখ্যা ৮৭ হাজার ৩২৪ জন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮১টি। এরমধ্যে গোদাগাড়ীতে ৫০টি। তানোর ৩১টি। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে