কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত মো. কাইয়ুমকে (৬০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন হাঁস প্রতীকের সমর্থক মো. কাইয়ুম। এ সময় ধানের শীষের সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কাইয়ুমের ওপর হামলা চালান এবং কুপিয়ে জখম করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বাজিতপুর থানার ওসি এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।