গাইবান্ধা-৩ আসনে বিএনপি জামায়াত প্রার্থী ভোট দিলেন

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৯ পিএম
গাইবান্ধা-৩ আসনে বিএনপি জামায়াত প্রার্থী ভোট দিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনের ১৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাইবান্ধা-৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক সাদুল্লাপুর উপজেলার বৈরাগী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তাঁর নিজ কেন্দ্রে ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ (অব.) নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এদিকে সূর্য ওঠার সাথে সাথেই অনেক ভোটার গোসল সেরে কেউ নতুন পোশাক কেউবা আবার ধোয়া পোশাক পরে তৈরি হয়েছেন তাদের বহুল কাঙ্ক্ষিত ভোট দিতে। শুরু থেকেই উৎসবের আমেজে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। নারী -পুরুষ এমনকি কিছু অতশীপর বৃদ্ধ-বৃদ্ধারও উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে দেশের বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া নতুন ভোটারদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে দলে দলে জোট বেঁধে অফুরান আনন্দে ভোট দিতে যেতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এ আসনে ভোটগ্রহণ চলছে।