রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এ আসনে ৪ জন এমপি প্রার্থীর মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ)। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা)। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল)। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চারজন প্রার্থীর মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে মধ্যেই জয়পরাজয় হবে বলে ভোটারা জানান।
আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন ও পুরাতন ভবনের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সুন্দরভাবে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু করেছি। উপস্থিতি ভাল মনে হচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ২২১। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৫৬৫ ও নারী ভোটার ২ হাজার ৬৫৬। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সকাল ৮টায় ভোট পড়েছে ৮টি বুধে ৪৮টি।
উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি। এরমধ্যে বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।